শতবর্ষে মারা গেলেন ড. মাহাথিরের স্ত্রী ড. সিতি হাসমাহ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিতি হাসমাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির। সংসদে একটি টাউনহল অধিবেশন চলার সময় তার মৃত্যুর খবর জানানো হলে উপস্থিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরে তার আত্মার শান্তি কামনায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
চিকিৎসক হিসেবেও মালয়েশিয়ায় দীর্ঘ অবদান রয়েছে সিতি হাসমাহর। দেশটির প্রথম প্রজন্মের মালয় নারী চিকিৎসকদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯২৬ সালের ১২ জুলাই জন্ম নেওয়া সিতি হাসমাহ সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন। পড়াশোনা শেষে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সাত সন্তান রয়েছে। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তার পাশে থাকা সিতি হাসমাহও মালয়েশিয়ার জনজীবনে পরিচিত ও সম্মানিত মুখ হয়ে ওঠেন।
চলতি বছরের জুলাইয়ে ১০০ বছরে পা দেন সিতি হাসমাহ। শতবর্ষ উদযাপনের মাত্র দুই মাস পরই মারা গেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের জীবনসঙ্গী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)