Logo
×

Follow Us

জাতীয়

জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল, সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল, সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

সংগৃহীত ছবি

আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপনের প্রস্তুতি চলছে। সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনাসহ কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তনের পাশাপাশি ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের বিষয়টিও রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এর আগে জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় করে কমিটি।

সালাউদ্দিন আহমদ জানান, মতবিনিময়ে সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল এবং ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব এসেছে। অংশগ্রহণকারীদের অনেকে লিখিত প্রস্তাবও দেবেন। এসব মতামত ও আলোচনার ভিত্তিতে প্রতিবেদন ও পুস্তিকা তৈরি করা হবে।

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক ও সম্পাদকদের অনেকে বিরোধী দলের সদস্যদের কমিটিতে যুক্ত করার পরামর্শ দিয়েছেন। সরকারও এতে সম্মত এবং বিরোধী দলগুলোকে বারবার অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেয়ার কথাও বলেন তিনি।

গণভোটের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদ রয়েছে। এসব ক্ষেত্রে সংশোধন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে সাংবিধানিক বিধান অনুযায়ী গণভোটের প্রয়োজন হবে। সংসদে বিল পাসের পর এই গণভোট অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সুরক্ষার বিষয়েও বিএনপির একটি প্রস্তাব এসেছে বলে জানান তিনি। ভবিষ্যতে কোনো সংসদ যাতে সহজে এ ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদে পরিবর্তন আনতেও গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবিধান সংশোধনের অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলোও সংশোধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। এর অংশ হিসেবে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পুনঃস্থাপনের কথা জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি।

সংশোধন প্রক্রিয়ার সময়সীমা তুলে ধরে কমিটির আহ্বায়ক জানান, ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে দেয়ার লক্ষ্য রয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় সংশোধনী বিল প্রস্তুত করবে। এরপর জানুয়ারির সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন, আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর পাস হলে গণভোটের মাধ্যমে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ সময় সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দলগুলোর অংশগ্রহণের আহ্বানও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন