বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা বাড়ানোতে গুরুত্বারোপ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: আইএসপিআর
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরো বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশিক্ষণ, প্রযুক্তি, পেশাগত দক্ষতা ও কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
রোববার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন মেজর জেনারেল ক্রিস স্মিথ। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ-অস্ট্রেলিয়া অংশীদারত্ব আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার অগ্রগতিতে মেজর জেনারেল ক্রিস স্মিথের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। তার আশা, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর পেশাগত সম্পর্ক আগামী দিনে আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)