Logo
×

Follow Us

জাতীয়

সালমানের চাঁদাবাজির ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

সালমানের চাঁদাবাজির ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগকে ঢালাও হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তিনি নির্দিষ্ট অভিযোগে মামলা করলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সাথে বিএনপির বিরুদ্ধে তার করা অভিযোগেরও সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদিরের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে তিনি বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি; অন্যদিকে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে জমি নিয়ে দুই পক্ষের বিরোধের সাথে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও অবসরপ্রাপ্ত এক সিনিয়র সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন