ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম
সংগৃহীত ছবি
দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তার মতে, রাজনীতির প্রভাব খেলাধুলায় প্রবেশ করায় সময়ের সাথে দেশের ক্রীড়ার মান ও ক্লাব ফুটবলের জনপ্রিয়তা কমেছে।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ১৯৭১ সালের পর ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব বাড়তে থাকায় খেলাধুলার মান ধীরে ধীরে কমেছে। এর প্রভাব পড়েছে ঢাকার ক্লাব ফুটবলেও; কমেছে মাঠে ক্লাবগুলোর অংশগ্রহণ ও প্রতিযোগিতার পরিবেশ।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাঁর কাছে মোহামেডান নিছক একটি ক্লাব নয়, বরং আবেগ ও ভালোবাসার নাম। ১৯৬৭ সালে তিনি যখন ক্লাবটিতে খেলতেন, তখন ফুটবল ঘিরে মানুষের আগ্রহ ও আবেগ ছিল ব্যাপক। সে সময় মোহামেডানে খেলাকে সম্মানের বিষয় হিসেবে দেখা হতো।
তিনি আরো বলেন, স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল দেশের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম। মোহামেডানে বাঙালি খেলোয়াড়দের উপস্থিতির কারণে ক্লাবটির প্রতি সমর্থনও ছিল বেশি। ক্লাব ফুটবল থেকে জাতীয় দল—সব পর্যায়েই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে বাঙালি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা করতে হতো।
তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারের ওপরও গুরুত্ব দেন স্পিকার। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও ক্রীড়াকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে তরুণদের সুস্থ ও ইতিবাচক জীবনযাপনে যুক্ত করার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীত সাফল্য এবং স্পিকারের খেলোয়াড়ি জীবনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্পিকারসহ আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল।
অনুষ্ঠানে মোহামেডান সমর্থক দলের সদস্য, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)