Logo
×

Follow Us

জাতীয়

ফ্যাসিবাদের ঠাঁই নেই বাংলাদেশে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

ফ্যাসিবাদের ঠাঁই নেই বাংলাদেশে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

শনিবার বিকেলে ঢাকার ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছরে যারা দেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হবে না। তিনি এসব কর্মকাণ্ডের সাথে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা জানান।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক নেতাদের জুম বৈঠক এবং ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরত চেয়েছে। তিনি বলেন, সরকারও চান তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ও প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর প্রথম এক মাস দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। তবে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই ন্যূনতম পরিমাণে দাম সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও আনুপাতিক হারে দাম কমানো হবে।

দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে রক্তের বিনিময়ে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন