Logo
×

Follow Us

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন রোববার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন রোববার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী এদিনই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে।

ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে।

এরপর ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। কমিটির সদস্যদের নিরাপত্তায় তিনজন সশস্ত্র পুলিশ সদস্য নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের নিবন্ধন ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। ভোট দিতে আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানিয়েছে ইসি। এর আগে প্রবাসী ভোটারদের নিবন্ধন ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সম্পন্ন হয়েছে।

ইসি জানিয়েছে, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরবর্তী সময়ে নতুন ভোটার যুক্ত হওয়ায় আসনটিতে ভোটারসংখ্যা বেড়েছে। ইসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী উপনির্বাচনটি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ ছাড়ায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই এ উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন