সাইবার আইন অপব্যবহার হবে না: জাহেদ উর রহমান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম বা সাধারণ মানুষের বিরুদ্ধে অপব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সাথে অনলাইনে অপতথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে কার্যকর আইনি কাঠামোর প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আগের সরকার নির্বাচন ছাড়া দীর্ঘ সময় ক্ষমতায় থেকে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল বলে তিনি মনে করেন। বর্তমান সরকারের এমন কোনো উদ্দেশ্য নেই উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের সাথে বিরোধে জড়ানো সরকারের জন্য কোনো সুফল বয়ে আনে না।
প্রস্তাবিত আইন সম্পর্কে তিনি বলেন, এটি এখনো চূড়ান্তভাবে পাস বা কার্যকর হয়নি। ফলে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন দরকার, যা নাগরিকদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সাথে অপতথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের গণমাধ্যম ও তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানো বা মিডিয়া লিটারেসির ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, গুজব, মিথ্যাচার বা অপতথ্য ছড়ানোর অভিযোগে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো পক্ষ-বিপক্ষ বিবেচনা করা উচিত নয়। একই আইনি কাঠামোর আওতায় সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেয়ার প্রয়োজন রয়েছে।
জাহেদ উর রহমান জানান, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত রূপ যা-ই হোক, সেটি প্রয়োগের সময় সরকার সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)