Logo
×

Follow Us

জাতীয়

জীববৈচিত্র্য রক্ষায় গবেষণায় জোর চিফ হুইপের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

জীববৈচিত্র্য রক্ষায় গবেষণায় জোর চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি

প্রকৃতি, পরিবেশের ভারসাম্য ও মানুষের অস্তিত্ব রক্ষায় প্রাণিবিজ্ঞান ও জীববিজ্ঞানের গবেষণাকে আরও গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গবেষণা ও নতুন উদ্ভাবন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

শনিবার ঢাকার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জ্যুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম মণি বলেন, মানুষের খাদ্য, পরিবেশ ও জীবনধারণের সঙ্গে জীববিজ্ঞানের সরাসরি সম্পর্ক রয়েছে। খাদ্য মানুষের মৌলিক প্রয়োজন এবং এর বড় অংশ উদ্ভিদ ও প্রাণিজগতের ওপর নির্ভরশীল। মাছ, মাংস ও উদ্ভিদজাত খাদ্য মানুষের পুষ্টি নিশ্চিত করে। তাই প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সুরক্ষা নিশ্চিত করা একই সাথে মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবনব্যবস্থার সুরক্ষার সাথে যুক্ত।

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ, চিকিৎসাসেবা, শিক্ষা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। মানুষের এসব অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের সুফল মানুষের কাছে পৌঁছানো সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের জীববৈচিত্র্যের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, নদী, হাওর, বন, পাহাড়, জলাভূমি ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন বাস্তুতন্ত্রে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বসবাস। এসব প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রাণী-উদ্ভিদের সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।

তরুণদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা ও নতুন উদ্ভাবনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। টেকসই গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে তারা দেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

সভায় দেশের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, মো. আমির হোসাইন চৌধুরী, ড. মো. খালেদ কানাক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান। অনুষ্ঠানে গবেষক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন