Logo
×

Follow Us

জাতীয়

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের ঘোষণা  স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের অধীনে নতুন একটি সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহেই ইউনিটটি গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। নতুন ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে নতুন করে পদ সৃষ্টি করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি ইউনিটের কার্যক্রম মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়েও ইউনিটের জন্য আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হবে। পাশাপাশি সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার ব্যবস্থা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধের যেসব ঘটনা জটিল ও বড় পরিসরের, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে বিশ্লেষণ করা হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ সম্ভব এমন বিষয়গুলো সেখানেই নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে। এ জন্য প্রকল্প প্রণয়নের নির্দেশ কয়েক সপ্তাহ আগেই দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের সাথে যোগাযোগ ও বিভিন্ন ধরনের তথ্য প্রচারের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেয়া হবে।

সাইবার অপরাধের বিস্তার তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ এখন আধুনিক অপরাধ প্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধ হয়ে থাকে। এ কারণে বাংলাদেশেও সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন