এলডিসি উত্তরণের অপেক্ষায় আছে বাংলাদেশ : তারেক রহমান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উত্তরণ প্রক্রিয়া সফল ও টেকসই করতে নিরবচ্ছিন্ন অর্থায়ন, বাজারে বাড়তি প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির সুযোগ প্রয়োজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় কোনো দেশই এককভাবে চলতে পারে না; দেশগুলো পরস্পরের ওপর নির্ভরশীল। বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সম্প্রসারণ, কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থবহ সহযোগিতা জোরদার করা গেলে পারস্পরিক সমৃদ্ধির পথ আরো সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।
কোভিড-১৯ মহামারির অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওই সংকট বিশ্বের কোটি কোটি মানুষের জীবন কেড়ে নেয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার গুরুত্বও স্পষ্ট করেছে। বৈশ্বিক সংকট মোকাবিলায় একে অন্যের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
তিনি আরো বলেন, উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসাসামগ্রী ও রোগ নির্ণয়ের সরঞ্জামের টেকসই উৎপাদন সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন। এসব প্রয়োজনীয় পণ্য যেন সব মানুষের জন্য সহজলভ্য হয়, সে বিষয়েও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব দিতে হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)