Logo
×

Follow Us

জাতীয়

বিভিন্ন দেশের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

বিভিন্ন দেশের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবিঃ বাসস

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সাথে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠক করেছেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সাথে বৈঠক করেন তারেক রহমান। এতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সাথেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরো সম্প্রসারণের উপায় নিয়ে মতবিনিময় হয়। পরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে আনুতিন চার্নভিরাকুলের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সাথে বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন তারা।

ইউএনএফপিএ আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইডেন প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারির ভূমিকা বাড়ানো এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

প্রধানমন্ত্রীর এসব বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।

মন্তব্য করুন