Logo
×

Follow Us

জাতীয়

তাজিকিস্তানের স্পিকারের সাথে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

তাজিকিস্তানের স্পিকারের সাথে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

ছবি: সংগৃহীত

তাজিকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ফয়েজালি ইদিজোদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুশানবেতে তাজিকিস্তানের সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন মো. শহিদুল ইসলাম এমপি, ডা. মো. মাহবুবুর রহমান এমপি এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব ড. মো. ওহিদুজ্জামান। এ সময় তাজিকিস্তানে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিদল বর্তমানে তাজিকিস্তান সফর করছে। এ বৈঠক ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুশানবেতে অনুষ্ঠিত হচ্ছে।

সাক্ষাতে বাংলাদেশের প্রতিনিধিদল দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

 

এ সময় বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বিষয়ে তাজিকিস্তানের স্পিকারকে অবহিত করা হয়।

দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে পাট, বস্ত্র, ওষুধ, জনশক্তি রপ্তানি ও পর্যটন খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন বাংলাদেশের প্রতিনিধিরা। পাশাপাশি দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রস্তাব দেন তারা।

তাজিকিস্তানের পার্লামেন্টের স্পিকার ফয়েজালি ইদিজোদা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের সাফল্য কামনা করেন। একই সঙ্গে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রস্তাবেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপিকে সুবিধাজনক সময়ে তাজিকিস্তান সফরের আমন্ত্রণ জানান ফয়েজালি ইদিজোদা।

আগামী দিনে বাংলাদেশ ও তাজিকিস্তানের সম্পর্ক আরও বহুমুখী ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাজিকিস্তানের স্পিকার।

মন্তব্য করুন