মধ্যস্থতায় এআই ব্যবহারে সুরক্ষার আহ্বান শামা ওবায়েদের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আন্তর্জাতিক বিরোধ ও সংকট নিরসনে মধ্যস্থতা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি এআই ব্যবহারে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা বজায় রাখতে প্রয়োজনীয় সুরক্ষাকবচ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার নিউইয়র্কের ‘তুর্কি হাউসে’ জাতিসংঘ গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশনের ১৬তম মন্ত্রীপর্যায়ের বৈঠকে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
শামা ওবায়েদ বলেন, কোনো বিরোধ সহিংসতায় রূপ নেয়ার আগেই মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। কারণ, সংকটের শুরুতেই উদ্যোগ নেয়া গেলে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম রাখা সম্ভব।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণে সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। এ ক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’-এর মতো উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।
শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে জাতীয় মালিকানার প্রতি সম্মান বজায় রেখে রাষ্ট্র, আঞ্চলিক অংশীদার, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরো কার্যকর ও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার ওপরও জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
একই সাথে টেকসই অর্থায়ন নিশ্চিত করা, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা বাড়ানো এবং আগাম সতর্কবার্তার ভিত্তিতে সময়মতো পদক্ষেপ নেয়ার মাধ্যমে জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা আরো জোরদারের আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ড ও তুরস্কের যৌথ উদ্যোগে মন্ত্রীপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)