বাংলাদেশের বোয়িং চুক্তি নিয়ে ট্রাম্পের পোস্ট
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
বাংলাদেশের বোয়িং চুক্তি নিয়ে ট্রাম্পের পোস্ট
বাংলাদেশের সাথে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কেনার চুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশ ও তুরস্কের সাথে বোয়িংয়ের চুক্তির কথা তুলে ধরেন।
ট্রাম্পের ভাষ্য, বোয়িং ও যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের জন্য এটি বড় একটি সাফল্য। মার্কিন বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর সাথে আরো ৫০টি বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, হাজার হাজার কোটি ডলারের এই বিক্রি এবং বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে হাজার হাজার মার্কিন নাগরিকের কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রে উৎপাদন, সেখান থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থনের নীতির প্রশংসাও করেন তিনি।
ট্রাম্প আরো বলেন, বোয়িং ও তিনি শুরু থেকেই যে বিষয়টি জানতেন, বাজার এখন সেটিই স্বীকার করছে। যুক্তরাষ্ট্রে উৎপাদন ও মার্কিন শ্রমশক্তিকে সমর্থন করলে প্রতিষ্ঠান আরো শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরো ১১টি উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে একটি সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে। এ চুক্তিকেই কেন্দ্র করে বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)