বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এ্যানির
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
সংগৃহীত ছবি
গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন করে চক্রান্তে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার দাবি, বিরোধী দলের কর্মকাণ্ড ও বক্তব্যের সাথে ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বক্তব্য ও গালিগালাজকে যদি গণতন্ত্রের সৌন্দর্য বলা হয়, তাহলে দেশের মানুষ তাদের গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তার ভাষায়, এমন কর্মকাণ্ডকে গণতন্ত্রের সৌন্দর্য বলা যায় না।
পানিসম্পদমন্ত্রী অভিযোগ করেন, গণতন্ত্রকে ধ্বংসের উদ্দেশ্যে বিরোধী দল নতুন ষড়যন্ত্রে নেমেছে। তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি মেনে না নেয়া পর্যন্ত বোমাবাজি ও ককটেল হামলা বন্ধ হবে না।
তিনি আরো বলেন, ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তারা অন্য পাড়ে বসে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের নেতৃত্বে গাড়িতে আগুন দেওয়া, ককটেল হামলা ও ঝটিকা মিছিল হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে বর্তমান বিরোধী দলের বক্তব্য, কর্মকাণ্ড ও অপকর্মের সাথে তাদের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ ও গণতন্ত্রের পাশাপাশি তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন এ্যানি। তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল এবং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি রাজপথে উঠে এসেছে। অতীতের মতো আগামী দিনেও রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)