বাংলাদেশের ইতিহাসে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ইতিহাসে এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাকে সরকারের অগ্রাধিকার খাত উল্লেখ করে তারেক রহমান বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রথম শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও ইউনিফর্ম দেয়ার পাশাপাশি বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার মান আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান জানান, প্রথমবারের মতো শিক্ষা সিলেবাসে ‘স্পোর্টস’কে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে গত জুনে সারাদেশের স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সরকারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এই কর্মসূচির সঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ‘লিভ নো ওয়ান বিহাইন্ড’ নীতির ৭৩ শতাংশ কার্যক্রমের সরাসরি এবং ২৭ শতাংশ কার্যক্রমের পরোক্ষ সামঞ্জস্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের উন্নয়ন বৈষম্য কমানোর পাশাপাশি ২০৩০ এজেন্ডার বিভিন্ন ক্ষেত্রে জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)