Logo
×

Follow Us

জাতীয়

জলবায়ু মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

জলবায়ু মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী

ছবিঃ পিএমও

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ আরো জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও অভিযোজন সহায়তায় কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও পরিবেশ সুরক্ষায় সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অংশ খুবই কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা বাড়ানোর পথ বেছে নিয়েছে দেশটি।

আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও কপ-৩১ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তায় আরো কার্যকর বৈশ্বিক পদক্ষেপ প্রত্যাশা করে।

পরিবেশ সুরক্ষায় সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নেয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ চলছে।

বন্যা ও খরার ঝুঁকি কমাতে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সাথে সুন্দরবনে মিঠা পানির প্রবাহ বাড়ানো এবং বড় জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা ও ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা তুলে ধরেন।

পানি সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরীণ কার্যক্রম জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সহযোগিতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ১৯৯২ সালের ‘ওয়াটার কনভেনশন’ স্বাক্ষর করেছে।

মন্তব্য করুন