Logo
×

Follow Us

জাতীয়

দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

ছবিঃ পিএমও

ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ পুনর্গঠনে সরকার ‘থ্রি-আর’ কৌশল নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই তিন ধাপের সমন্বিত কৌশলের মাধ্যমে দেশকে পুনরুদ্ধার, পুনঃস্থাপন ও পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের মধ্য দিয়ে ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই সময়ে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। একই সাথে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

এই উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের পাশে থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য সুযোগ তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, স্টার্টআপ কার্যক্রমে নতুন উদ্যোগ ও সম্ভাবনাময় তরুণদের সহায়তার জন্য চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

মন্তব্য করুন