পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তির পক্ষে বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি পানির প্রবাহ নিশ্চিত করতে ‘গ্যারান্টি ক্লজ’ রাখার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীগুলো বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
নদী দূষণ প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, দূষণের প্রকৃত উৎস শনাক্ত করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে রাজধানীর বুড়িগঙ্গাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার কোনো ধরনের পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে গিয়ে পড়ে।
বিপুল পরিমাণ বর্জ্যপানি নদীতে মিশে যাওয়ায় পরিবেশের পাশাপাশি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনুষ্ঠানে আরও জানানো হয়, নদী দূষণের কারণে বাংলাদেশ প্রতিবছর বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)