Logo
×

Follow Us

জাতীয়

নৈরাজ্যের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

নৈরাজ্যের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবিঃ বাসস

দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন। টেক্কা দিতে চান। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’ তিনি আরো বলেন, রাজপথে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রীর ভাষ্য, ফ্যাসিবাদ ও স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েও বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।

সম্প্রতি দুটি বাসে আগুন দেয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বাস পুড়িয়ে বা কোনো চক্রের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

বিচারের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে জনগণ বিচার করবে। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুরে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালিবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন