ফাইল ছবি
দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা সামাল দিতে কাতার থেকে আরো দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বুধবার চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী ৬ ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে দেশে সরবরাহ করা হবে।
সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএমের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। এ দর বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের তুলনায় ভিন্ন।
অতিরিক্ত দুই কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপনের পর তা অনুমোদনের সুপারিশ করে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে বাড়তি এই এলএনজি কেনা হচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে গ্যাসের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)