Logo
×

Follow Us

জাতীয়

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বাংলাদেশে বড় ফেসবুক ব্যবহারকারীভিত্তি ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় ঢাকায় কার্যালয় স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সাথে দেশের ই-কমার্স, অনলাইন ব্যবসা এবং সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, মেটার সাথে বাংলাদেশের প্রতিনিধিদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়সূচির কারণে তিনি অংশ নিতে পারেননি। তবে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

ঢাকায় মেটার কার্যালয় স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে অফিস চালুর ব্যাপারে প্রতিষ্ঠানটি বেশ আগ্রহী। ঢাকাকে তাদের কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও আলোচনায় এসেছে।

বৈঠকে বাংলাদেশে ফেসবুকের বড় ব্যবহারকারীভিত্তি মেটার আগ্রহের অন্যতম কারণ হিসেবে উঠে আসে। বিভিন্ন ডিজিটাল পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর আনুমানিক সংখ্যা ৭ কোটি ৫১ লাখের বেশি ছিল। তবে এসব পরিসংখ্যান মেটার বিজ্ঞাপনভিত্তিক তথ্য থেকে পাওয়া এবং এগুলোকে প্রকৃত সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হিসেবে ধরা যায় না।

এ ছাড়া সাইবার নিরাপত্তা আইনসহ ডিজিটাল খাতের নীতি ও বিধিবিধান নিয়েও বৈঠকে আলোচনা হয়। ই-কমার্স, অনলাইন ব্যবসা এবং ডিজিটাল অর্থনীতির পরিধি বাড়াতে মেটার সম্ভাব্য সহযোগিতা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীদের জন্য পেমেন্ট সুবিধাও চালু করেছে মেটা। এর ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা বিকাশের মতো স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে পারছেন। এতে বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসার ডিজিটাল বিজ্ঞাপন ব্যবহারের সুযোগ আরো বিস্তৃত হচ্ছে।

মন্তব্য করুন