প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বিশ্বব্যাংকের সাথে অংশীদারিত্ব বাড়াতে আলোচনা হয়েছে : আমির খসরু
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
ছবিঃবাসস
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারিত্ব আরো জোরদার করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। আগামী দিনে বাংলাদেশ যেসব প্রকল্প হাতে নিতে যাচ্ছে, সেগুলোতে বিশ্বব্যাংকের অংশীদারিত্বের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রশংসা করেছে বিশ্বব্যাংক। এসব উদ্যোগে সংস্থাটির সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলোচনা হয়। বর্তমানে ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ সহজশর্তের ঋণের সমন্বয়ে পরিচালিত কর্মসূচিগুলো বিশ্বব্যাংকের সহযোগিতায় আরো বড় পরিসরে বাস্তবায়নের বিষয়ে দুই পক্ষ একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশের তেল ও গ্যাস সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতায় এগিয়ে আসতে সম্মত হয়েছে। পাশাপাশি চলমান প্রকল্পগুলো যাতে সরবরাহব্যবস্থার সমস্যায় বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক প্রকল্পগুলো বিশ্বব্যাংক গুরুত্বের সাথে দেখছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলো আরো বড় পরিসরে নেয়ার বিষয়ে বৈঠকে একমত হয়েছে দুই পক্ষ।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)