সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বিষয়টি নিশ্চিত করেন।
নিউইয়র্কে পৌঁছানোর পর সফরের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা চলছে। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর শুরুর পর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।
তবে ওই বৈঠককে দ্বিপক্ষীয় বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এ সাক্ষাতের আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)