রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
ছবিঃ পিএমও
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধানে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর বিকল্প নেই। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি জানান।
বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি।
বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।
এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন বারহাম সালেহ। সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)