প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
ছবি: পিএমও
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরো সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
এর আগে মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সকালে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশেও সস্ত্রীক যোগ দেন তিনি।
উল্লেখ্য, ৮১তম অধিবেশনটি গত ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মঙ্গলবার থেকে সাধারণ বিতর্ক শুরু হয়েছে। এদিন একই সাইডলাইনে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সাথেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)