Logo
×

Follow Us

জাতীয়

ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে লঞ্চসহ নৌযানের ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সড়ক পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, আগেও জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। এবারও এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর চিন্তা নেই। তবে এ বিষয়ে আগামী পরশু একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জ্বালানির দাম বৃদ্ধির কারণে রেলের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

লঞ্চের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, নৌযানের ভাড়া নির্ধারণের বিষয়টিও ওই বৈঠকে বিবেচনা করা হবে। নৌযান মালিকদের সাথে আলোচনা করে জ্বালানির দাম বাড়ায় তাদের ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয়ের কতটা যৌক্তিকভাবে সমন্বয় করা সম্ভব, তা পর্যালোচনা করা হবে।

পরিবহন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে শ্রমিক ও যাত্রী—উভয় পক্ষের স্বার্থ বিবেচনার কথা উল্লেখ করেন শেখ রবিউল আলম। তার ভাষ্য, পরিবহন খাতের সাথে বিপুলসংখ্যক শ্রমিক জড়িত। তাদের ব্যবসা যৌক্তিকভাবে পরিচালনার সুযোগ দেয়ার পাশাপাশি যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার চাপও এড়াতে হবে।

তিনি বলেন, পরিবহন ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরাও জনগণের অংশ। তাদেরও যৌক্তিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। একই সাথে জনগণের জন্যও যৌক্তিক ভাড়া নিশ্চিত করা প্রয়োজন। দুই পক্ষের বিষয় বিবেচনায় নিয়ে যৌক্তিক পর্যায়ে ভাড়া নির্ধারণ করাই সরকারের দায়িত্ব।

রেলের লোকসান প্রসঙ্গে মন্ত্রী জানান, রেলওয়েতে লোকসান রয়েছে। তবে গতবার ভাড়া না বাড়িয়েও লোকসানের পরিমাণ ২২৫ কোটি টাকা কমানো সম্ভব হয়েছিল। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রেলের ওপর প্রকৃত আর্থিক প্রভাব কতটা পড়েছে, তা আগামী পরশুর বৈঠকে বিস্তারিত জানা যাবে। ট্রেনের ভাড়া যাতে বাড়াতে না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

পণ্য পরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, বিভিন্ন ধরনের পরিবহনের ভাড়া নির্ধারণের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তবে দেশে অনেক ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর-কষাকষির মাধ্যমে ভাড়া নির্ধারণের প্রচলন রয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, বাসাবাড়ির মালামাল পরিবহনে পিকআপ ভাড়া করার ক্ষেত্রে অনেক সময় নির্ধারিত ভাড়া কার্যকর থাকে না। মালিক ও গ্রাহকের আলোচনার ভিত্তিতে ভাড়া ঠিক করা হয়। ট্রাকের ভাড়ার ক্ষেত্রেও নির্ধারিত হার রয়েছে, যদিও সবসময় তা অনুসরণ করা হয় না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করে পরিস্থিতি অনুযায়ী যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন