প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণায় জোর দিলেন মৎস্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবিঃ মন্ত্রণালয়
গবেষণা ও নতুন প্রযুক্তির মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে বিজ্ঞানীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সাথে গবেষণালব্ধ উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বিজ্ঞানীরা দীর্ঘ সময় ও শ্রম দিয়ে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন করেন। এসব কাজের স্বীকৃতি না মিললে ভবিষ্যতে গবেষণায় আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়ানো, প্রাণীর রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির সক্ষমতা বাড়াতে গবেষণার বিকল্প নেই। গবেষণাকে আরও বাস্তবমুখী করার পাশাপাশি মাঠপর্যায়ে দ্রুত প্রযুক্তি সম্প্রসারণ করতে হবে, যাতে খামারি ও উদ্যোক্তারা সরাসরি এর সুফল পান।
দেশের প্রাণিসম্পদ খাতের বর্তমান অগ্রগতির পেছনে গবেষকদের দীর্ঘদিনের শ্রমের কথাও তুলে ধরেন মৎস্যমন্ত্রী। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি উদ্ভাবনী গবেষণায় বিজ্ঞানীদের উৎসাহিত করতে প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএলআরআই পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিএলআরআইয়ের প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের গবেষণা ও অন্যান্য কার্যক্রম আরও গতিশীল এবং ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)