সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা ক্লেয়ারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন
দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি জানান।
দুদকের আবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত ছকে সম্পদ বিবরণী জমা দেননি। পাশাপাশি তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও তা নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে গত বছরের ৪ জুন তার বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরো বলা হয়, বিশ্বস্ত সূত্রে ইমা ক্লেয়ার বার্টনের গোপনে দেশত্যাগের চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড সংগ্রহে সমস্যা হতে পারে এবং তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)