স্থানীয় নির্বাচন নিয়ে ইসির রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ স্থগিত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে পূর্বনির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সংলাপ আয়োজনের কথা ছিল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আপাতত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর সংলাপ করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হওয়ায় সেই কর্মসূচি এখন স্থগিত করা হয়েছে।
ইসির আগের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর কথা ছিল। তবে নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা এবং ভোটকেন্দ্র হিসেবে বিদ্যালয় ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন ওই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানিয়েছে।
বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় নিয়ে নতুন করে ভাবছে কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, জানুয়ারি থেকে ভোট শুরু করার সম্ভাবনা বিবেচনায় রয়েছে। তবে তফসিল ও নির্বাচনের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)