Logo
×

Follow Us

জাতীয়

কর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

কর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

ছবিঃ বঙ্গভবন

দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষাব্যবস্থাকে আরো বাস্তবমুখী করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি জানান।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান আরো উন্নত করতে হবে। দেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, যে শিক্ষা কর্মসংস্থানের উপযোগী নয় এবং বেকারত্ব বাড়ায়, সেই শিক্ষাব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। এ জন্য প্রযুক্তিনির্ভর ও ব্যবহারিক শিক্ষার বিস্তারে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন