Logo
×

Follow Us

জাতীয়

বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বাস ভাড়া সমন্বয় করেছে সরকার। দূরপাল্লা ও রাজধানীসহ নগর পরিবহনে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রজ্ঞাপন জারির পর নতুন ভাড়া কার্যকর হবে।

এর আগে সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়। সেখানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছিল।

বৈঠকে পরিবহন মালিকরা দ্রুত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবি জানান। তাদের আশঙ্কা, প্রজ্ঞাপন দেরি হলে বাড়তি দামে জ্বালানি কিনে বিভিন্ন রুটে ভাড়া আদায়ের ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনা করেই বাস ভাড়া সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ পরিবহন পরিচালনার অন্যান্য ব্যয়ও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়াতে তারা সম্মত হয়েছেন।

রবিবার রাতে ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। দেশের অধিকাংশ বাস ও গণপরিবহন ডিজেলচালিত হওয়ায় জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন খরচে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে এ ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন ভাড়া কার্যকর হলে ১০০ কিলোমিটার দূরত্বে দূরপাল্লার বাসের মূল ভাড়া ২০ টাকা বাড়বে। এর সঙ্গে সড়ক ও সেতুর টোল যোগ হলে যাত্রীকে আরও বেশি ভাড়া দিতে হতে পারে।

মন্তব্য করুন