Logo
×

Follow Us

জাতীয়

বোয়িংয়ের আরো ১১ বিমান কিনছে বাংলাদেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

বোয়িংয়ের আরো ১১ বিমান কিনছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্ত হচ্ছে আরো ১১টি বোয়িং উড়োজাহাজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে নিউইয়র্কে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট পরিকল্পিত উড়োজাহাজের সংখ্যা ২৫টিতে পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার নিউইয়র্ক সময় বিকেল ৪টা ১৫ মিনিটে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে। চুক্তিতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্বাক্ষর করবেন বলে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তবে নতুন ১১টি উড়োজাহাজের সুনির্দিষ্ট মডেল, ক্রয়মূল্য, অর্থায়ন পদ্ধতি ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সাথে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তিতে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার কথা রয়েছে। নতুন ১১টি উড়োজাহাজের চুক্তি হবে ওই ১৪টির বাইরে।

বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের কাছ থেকেও উড়োজাহাজ কেনার উদ্যোগ রয়েছে। ফলে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ভবিষ্যৎ বহর গঠনে দুই নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিযোগিতাও অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন