জাতিসংঘে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচদিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে সাধারণ পরিষদে ভাষণের পাশাপাশি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে পাওয়া সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে অবস্থান করবেন।
সফরের অন্যতম মূল আকর্ষণ হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় বিকাল সাড়ে ৫টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিকালের অধিবেশনে নির্ধারিত ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম হিসেবে বক্তব্য দেবেন।
এর আগে ২২ সেপ্টেম্বর সকালে তিনি জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে এবং সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন। ওইদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও সস্ত্রীক যোগ দেবেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে (সাইড ইভেন্ট) অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর সকালে ‘রোহিঙ্গা সংকট: টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহি’ শীর্ষক ইভেন্ট এবং বিকেলে ‘জলবায়ু কার্যক্রম ও ন্যায়সংগত রূপান্তর’ বিষয়ক বৈঠকে তার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর সকালে ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি’ এবং দুপুরে ‘মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তি’ বিষয়ক অনুষ্ঠানেও তিনি বক্তব্য দেবেন।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচিতে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে তিনি একান্ত বৈঠক করবেন।
বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডান নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে। বোয়িংয়ের সঙ্গে এই সফরে একটি চুক্তি স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি ২৩ সেপ্টেম্বর সকালে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থা (যেমন- গেটস ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, রোটারি ইন্টারন্যাশনাল ইত্যাদি) এবং ২৫ সেপ্টেম্বর সকালে জেপি মরগান আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন তিনি।
নিউইয়র্ক সফরের শেষ দিন ২৫ সেপ্টেম্বর দুপুর দেড়টায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে আনুষ্ঠানিক কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের (ইকে২০২) ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। দুবাইয়ে ট্রানজিট শেষে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)