ইস্তাম্বুলে যাত্রাবিরতি, নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটি নিউইয়র্কের উদ্দেশে ছাড়ার কথা রয়েছে। নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রায় তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেয়া হবে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দেওয়া কর্মসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর তিনি অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেবেন এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে অভ্যর্থনায় যোগ দেবেন।
২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকের পাশাপাশি বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিন বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকটবিষয়ক একটি সাইড ইভেন্টেও অংশ নিয়ে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন।
২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি মোকাবিলায় আয়োজিত উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। একই দিন সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেয়ার পাশাপাশি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ে বাংলাদেশের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, লস অ্যান্ড ড্যামেজ ও জলবায়ু ন্যায়বিচারের মতো বিষয়ও তাঁর আলোচনায় গুরুত্ব পাবে।
সফরের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা, ওয়াল স্ট্রিটসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশে বিনিয়োগ, উৎপাদন, অবকাঠামো ও প্রযুক্তি খাত, দক্ষ মানবসম্পদ এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হবে।
২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটসের ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)