Logo
×

Follow Us

জাতীয়

সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

ছবিঃ বাসস

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। একই সাথে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রশিক্ষণ বিনিময়ের বিভিন্ন দিক উঠে আসে।

দায়িত্ব শেষে আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশ ছাড়ার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান ইয়াও ওয়েন। এ সময় তিনি চীনের মিনিস্টার অব পাবলিক সিকিউরিটির শুভেচ্ছা পৌঁছে দেন এবং চীনের পাবলিক সিকিউরিটি বিষয়ক ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে ইয়াও ওয়েন জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে সাইবার ক্রাইম, পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশে বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় ইউনিট পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে।

সাইবার অপরাধ মোকাবিলায় চীনা বিশেষজ্ঞ ও ল্যাব পরিদর্শনের জন্য একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর পরামর্শ দেন ইয়াও ওয়েন। এর পরিপ্রেক্ষিতে সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানান মন্ত্রী। দলটি দেশটির সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শন করে বাংলাদেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে প্রস্তাব দেবে।

বৈঠকে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান বিদায়ী রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। দেশটির নাগরিক, ব্যবসায়ী ও উন্নয়ন প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন