Logo
×

Follow Us

জাতীয়

এভিয়েশন খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে আইকাও

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

এভিয়েশন খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে আইকাও

ফাইল ছবি

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব নেয়ায় সম্প্রতি তাকে পাঠানো অভিনন্দনবার্তায় এ সহযোগিতার কথা জানায় সংস্থাটি। আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা ও মহাসচিব হুয়ান কার্লোস সালাজার চিঠিতে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

চিঠিতে আইকাওর শীর্ষ দুই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের অগ্রগতি এবং যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি নির্ধারণে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সদস্য দেশগুলোর সাথে কাজ করে নিরাপদ, সুরক্ষিত ও সুশৃঙ্খল বিমান চলাচল ব্যবস্থা গড়ে তুলতেও সংস্থাটি সহায়তা দিয়ে থাকে।

বাংলাদেশে বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে আইকাওর এই সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চিঠির শেষাংশে মন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাতের নতুন দায়িত্বে সর্বাত্মক সাফল্য কামনা করেন আইকাওর কাউন্সিল প্রেসিডেন্ট ও মহাসচিব।

মন্তব্য করুন