ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন শুরু
কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবিঃ বাসস
এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ কর্মসূচিতে সাধারণ নাগরিক, তরুণ সমাজ ও কনটেন্ট ক্রিয়েটরদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
এক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ বা কীটনাশক প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সক্রিয় অংশগ্রহণ। সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক ও সময়োপযোগী তথ্য ছড়িয়ে দিয়ে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও পোস্ট তৈরির মাধ্যমে তরুণ ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রচারে যুক্ত হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এ কার্যক্রমে যুক্ত হয়েছেন।
ক্যাম্পেইনে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর উপসর্গ চেনা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রচার করা হবে। এসব বার্তা সহজ ও সৃজনশীল উপায়ে মানুষের কাছে পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
আগামী তিন মাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রচার কার্যক্রম চলবে। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের বার্তা অনলাইনেও ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)