জাতিসংঘ সফরে ছোট বহর, লক্ষ্য বাংলাদেশের স্বার্থ: মাহদী আমিন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
সংগৃহীত ছবি
আড়ম্বর নয়, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তার ভাষায়, এ সফরের মূল লক্ষ্য মানুষের জন্য কাজ করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ তুলে ধরা।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মাহদী আমিন এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে নিয়মিত ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
মাহদী আমিন জানান, যাওয়া-আসার সময় বাদ দিলে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হাতে থাকবে মাত্র চার দিন। এই সময়ের মধ্যেই একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন তিনি। সব মিলিয়ে সফরটি ছয় দিনের এবং আনুষ্ঠানিক সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সফরসঙ্গীদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন। এ ছাড়া নিরাপত্তা, গণমাধ্যম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও থাকছেন। সাম্প্রতিক প্রতিবেদনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে তুলনামূলক ছোট প্রতিনিধিদল নিয়ে পরিচালিত সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাঁদের সন্তান ও নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার দাবি, সেখানে তিনি বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
তিনি বলেন, এবারের সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো—প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তখন একই অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সামনে বাংলাদেশের জনগণের প্রত্যাশা তুলে ধরবেন বলেও পোস্টে উল্লেখ করেন মাহদী আমিন। তার ভাষায়, এই সফর শুধু একটি বিদেশ সফর নয়; আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)