স্বাস্থ্য খাতে উন্নয়নেই সরকারের সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর বর্তমান সরকারের বড় সাফল্য অনেকাংশে নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ কারণে সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশি রোগী চিকিৎসা নিতে আসেন—এমন হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সাথে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্যও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটির উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে এবং নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, রোগীদের উন্নত চিকিৎসা দিতে শুধু অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানো নয়, স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)