মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত মশার ওষুধের মান পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হামের বিশেষ টিকাদান কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি ও কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা, সিটি করপোরেশন ও পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর কাজও চলছে। এসব কাজে ব্যবহৃত ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষায় ভালো মান পাওয়া গেছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানিতে দ্রুত মশার লার্ভা তৈরি হতে পারে। খানা-খন্দ, ফুলের টব, ডাবের খোসা কিংবা বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে ডাবের পানি খাওয়ার পর খোসা যত্রতত্র না ফেলার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব স্থানে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি হতে পারে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো ঘাটতি বা ভুল থাকলে তা জানালে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়া হবে।
এদিকে কাকরাইলের একটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে কয়েকজনের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করতে কিছুটা সময় প্রয়োজন হলেও প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, তদন্তে কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির অবহেলা কিংবা ভুলের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)