Logo
×

Follow Us

জাতীয়

৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে দেয়া হবে হামের টিকা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে দেয়া হবে হামের টিকা

সংগৃহীত ছবি

দেশজুড়ে হামের টিকা থেকে বাদ পড়া এবং সম্প্রতি টিকাদানের বয়সে আসা প্রায় ৩৪ লাখ শিশুকে বিশেষ কর্মসূচির আওতায় টিকা দেয়া হবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে এ কার্যক্রম চলবে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ কর্মসূচিতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেয়া হবে।

মন্ত্রী জানান, আগের টিকাদান কর্মসূচিতে প্রায় ৪৩ লাখ শিশু টিকা থেকে বাদ পড়েছিল। পরে মপআপ ক্যাম্পেইনের মাধ্যমে গতকাল পর্যন্ত ১৯ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে। বর্তমানে প্রায় ২৪ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। এর সাথে গত কয়েক মাসে ছয় মাস বয়স পূর্ণ করে টিকাদানের আওতায় আসা আরও প্রায় ১০ লাখ শিশুকে যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৪ লাখ।

বিশেষ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় একযোগে শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার শুধু নির্ধারিত টিকাকেন্দ্রে শিশুদের আনার ওপর নির্ভর করা হবে না। মাঠপর্যায়ে গিয়ে টিকাবঞ্চিত শিশুদের শনাক্ত করে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন করে ছয় মাস বয়স পূর্ণ করা শিশুদেরও নজরদারিতে রাখা হবে, যাতে কেউ বাদ না পড়ে।

টিকার মজুত সম্পর্কে মন্ত্রী জানান, ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে ৪৩ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। এর সাথে আগের মজুত ১৫ লাখ ডোজ যোগ হয়ে মোট মজুত দাঁড়িয়েছে ৫৮ লাখ। সম্ভাব্য ১০ শতাংশ অপচয় ধরলেও প্রায় ৫২ লাখ ডোজ ব্যবহারযোগ্য থাকবে। ফলে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরও কিছু ডোজ উদ্বৃত্ত থাকবে।

কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা যুক্ত থাকবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারাও বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানান মন্ত্রী।

হামের সংক্রমণের ধরন পরিবর্তনের কারণে এবার ছয় মাস বয়স থেকেই শিশুদের টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ নিয়মে নয় মাসের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয় না। তবে বর্তমানে তিন থেকে চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় পরিস্থিতি বিবেচনায় ছয় মাস বয়স থেকে টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হামের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই উল্লেখ করে তিনি বলেন, আক্রান্ত হলে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন, ভেন্টিলেটরসহ সহায়ক চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই হাম প্রতিরোধে টিকাকেই সবচেয়ে কার্যকর উপায় হিসেবে গুরুত্ব দেয়া হচ্ছে।

মন্তব্য করুন