Logo
×

Follow Us

জাতীয়

চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতার ঢাকা সফরের আগ্রহ: রাষ্ট্রদূত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতার ঢাকা সফরের আগ্রহ: রাষ্ট্রদূত

ছবিঃ বাসস

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিপিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার এ সফর দুই দেশের রাজনৈতিক ও দ্বিপক্ষীয় যোগাযোগ আরো জোরদারে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাতে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানান। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইয়াও ওয়েন জানান, আইডিপিসিপিসির ওই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল করতেও বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালে দুই দেশের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সাথে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ দ্বিপক্ষীয় সহযোগিতার আরও কয়েকটি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজ চলছে।

বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালনকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন ইয়াও ওয়েন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত। ঘটনাটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।

দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন কবির। দায়িত্ব পালনের জন্য ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানিয়ে তার নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন