Logo
×

Follow Us

জাতীয়

অপ্রতীম হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

অপ্রতীম হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং মূল আসামিদের গ্রেপ্তারের দাবি করেছে জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে আইফোন ছিনিয়ে নেয়াকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হলেও, এর পেছনে অন্য কোনো বিরোধ বা কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার সাথে গ্রেপ্তার প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিনসহ অন্যদের বয়সের উল্লেখযোগ্য পার্থক্য ছিল।

পুলিশ জানায়, তুহিন কুমিল্লা সিটি কলেজের সাবেক শিক্ষার্থী। অন্যদের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল ময়নামতি কারিগরি স্কুলের নবম শ্রেণির এবং সিয়াম আব্দুল খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বয়সে বড় এসব তরুণের সাথে অপ্রতিমের একধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ সুপার জানান, প্রধান আসামি তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তবে শুধু ফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। টিকটক বা সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক কোনো বিরোধসহ অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে কোনো আনুষ্ঠানিক মামলা বা অপরাধের অভিযোগ ছিল না বলেও জানিয়েছেন পুলিশ সুপার। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ভূমিকা ও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অপ্রতীম হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার উদ্যোগের কথা জানান। তিনি বলেন, রামিসা হত্যা মামলার মতো এ মামলার বিচারেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে; তবে বিচারিক সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের একমাত্র সন্তান অপ্রতীম গত শুক্রবার বিকালে কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে ব্যাপক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন