Logo
×

Follow Us

জাতীয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সংশোধনে অনুমোদন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সংশোধনে অনুমোদন

সংগৃহীত ছবি

সরকারি ক্রয় প্রক্রিয়ায় প্রতিযোগিতা বাড়ানো ও দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশোধিত অধ্যাদেশে সরকারি ক্রয়ে আরো বেশি প্রতিযোগিতা নিশ্চিত করা, ক্রয়চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতিকে আধুনিক করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি টেকসই সরকারি ক্রয় নিশ্চিত করতে পণ্য, কার্য ও ভৌতসেবা কেনার ক্ষেত্রে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের বিধান যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ক্রয়ের সুযোগ সুষমভাবে ছড়িয়ে দিতে সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার, পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান আরও স্পষ্ট করা এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সুযোগ রাখার বিষয়ও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সরকারি ক্রয় আইনকে সময়োপযোগী করা এবং ক্রয় ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আনতেই এসব সংশোধনী প্রস্তাব করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্তব্য করুন