Logo
×

Follow Us

জাতীয়

অপ্রতীম হত্যা: দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

অপ্রতীম হত্যা: দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সংগৃহীত ছবি

কুমিল্লায় ১৩ বছর বয়সী অপ্রতীম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অপ্রতীমের মরদেহ উদ্ধার এবং এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান। তবে ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। এ ক্ষেত্রে রামিসা হত্যা মামলার মতো অপ্রতীম হত্যা মামলার বিচারও দ্রুত শেষ করার প্রত্যাশা রয়েছে। বিচার বিভাগ বিষয়টি গুরুত্বের সাথে দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের বয়স নিহত অপ্রতীমের চেয়ে আনুমানিক পাঁচ থেকে ১০ বছর বেশি। ঘটনাটিতে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং কিছু আলামতও পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হয়েছে। একই সাথে হত্যাকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানান তিনি।

অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন অপরাধের পেছনে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা অনেক ক্ষেত্রে দেখা যায়। এসব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকেও ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তুলতে স্কুল পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো প্রয়োজন। পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ তৈরির জন্য বিভিন্ন ধরনের মোটিভেশনাল কার্যক্রম জোরদার করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সমাজে নৈতিক অবক্ষয়ের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। একই সাথে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

মন্তব্য করুন