Logo
×

Follow Us

জাতীয়

স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা

ছবিঃ বাসস

তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনী কাজে যুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ শিক্ষার্থীদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে শিক্ষার্থীদের এমন উদ্ভাবন করতে হবে, যা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি দেশের মানুষের বাস্তব সমস্যার সমাধানে কাজে আসে।

তিনি শিক্ষার্থীদের স্যাটেলাইটের মডেল, ড্রোন ও নতুন ধরনের সেন্সর তৈরির পাশাপাশি পেটেন্ট ও স্টার্টআপ গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগ খাতে প্রযুক্তিনির্ভর নতুন সমাধান তৈরির আহ্বানও জানান তিনি।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তি কাজে লাগিয়ে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। কৃষিকাজে ব্যবহারযোগ্য ড্রোন, বন্যা পর্যবেক্ষণ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থা এবং দূষিত পানি শনাক্তকারী সেন্সর তৈরির মতো উদ্ভাবনী উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার এমন হতে হবে, যাতে মানুষের জীবন আরো নিরাপদ ও সহজ হয় এবং বিশেষ করে গ্রামের কৃষকের দৈনন্দিন কাজেও এর সুফল পৌঁছে যায়।

তিন দিনব্যাপী এ আয়োজনে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ ঢাকা মহানগরীর ১৫টি শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন