Logo
×

Follow Us

জাতীয়

বাবা মায়ের পর

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দেবেন তিনি।

এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। পরে ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফলে তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের এই মঞ্চে জিয়া পরিবারের তিন সদস্যের অংশগ্রহণের ধারাবাহিকতা তৈরি হবে।

১৯৮০ সালের ভাষণে জিয়াউর রহমান বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছিলেন। শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি।

খালেদা জিয়াও ১৯৯৩ সালের পর জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে একাধিকবার বক্তব্য দেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে মোট পাঁচবার বক্তব্য দেন তিনি। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালের শিশুবিষয়ক বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালের ৬০তম অধিবেশনের দুটি সভা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, গণতান্ত্রিক রূপান্তর, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয় গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু অর্থায়ন এবং রোহিঙ্গা সংকটও সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের সূচি অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন