গুলশানে আ.লীগের মিছিল: ওসি-ডিসির পর এবার সরানো হলো এডিসিকেও
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসেনকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। একই আদেশে চারজন অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ১১ সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেয়া হয়। মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ও পুলিশের দিকে ককটেল নিক্ষেপের অভিযোগও মামলার এজাহারে রয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মিছিলের পর গুলশানের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পরই পর্যায়ক্রমে গুলশানের ডিসি, ওসি ও এডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো।
তবে ডিএমপির পক্ষ থেকে তাদের প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক বিষয়ই উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)